Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 14:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার বেভারেজ ব্র্যান্ড ‘ক্লেমন’ পরিবেশ দূষণ রোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে ফ্রেশ আইডিয়া সংগ্রহ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস আইডিয়া কন্টেস্ট’ শুরু করেছে।

রাজধানীর আকিজ হাউজে মঙ্গলবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী টিম পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার এবং রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তরুণদের আরও সচেতন করে তুলতেই ক্লেমনের এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম. মঞ্জুর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডকম লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং ক্লেমন স্পোর্টসের সিইও খালেদ মাসুদ পাইলট। আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল আলিম মুন্সী, হেড অব অপারেশন আজম বিন তারেক, এজিএম মাইদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজসহ আরও অনেকে। উপস্থিত অতিথিরা সবাই এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সবাই ইতিবাচক পরিবর্তন আশা করছেন।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস কিভাবে পরিষ্কার রাখতে পারেন সেই ব্যাপারে তাদের ভিন্নধর্মী প্ল্যান শেয়ার করবেন এই প্রতিযোগিতায়।

সবচেয়ে কার্যকরী ও ভিন্নধর্মী আইডিয়াদাতা টিম হবে বিজয়ী এবং পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার, রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করতে হবে। ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রম রয়েছে ক্লেমনের ফেসবুক পেজে। এছাড়াও ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলী ও তথ্যসহ সকল কার্যক্রমের প্রচার-প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এই উদ্যোগের জন্য আকিজ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম.মঞ্জুর হোসেন বলেন, “এই উদ্যোগ একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যস্থাপনায় গুরুত্ব দিতে উদ্বুদ্ধ করবে ঠিক একইভাবে সৃজনশীলতাকেও জাগিয়ে তুলবে। একটি শহর ও পুরো দেশকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারও একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে কিছু উদ্ভাবনীয় পদ্ধতি বের করতে হবে এবং পুরো দেশে তা ছড়িয়ে দিতে হবে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল আলিম মুন্সী বলেন, “এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণদের মুক্ত চিন্তার উন্মেষ ঘটবে এবং এই প্রতিযোগিতা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অনুপ্রাণিত করবে বর্তমান প্রজন্মকে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতে পেরে আমরা আমাদের দায়িত্ব পালন করছি বলে মনে করি এবং আমার বিশ্বাস এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হবে।”

(এসআর /১১ডিসেম্বর ২০১৯)