Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 07:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে টানা চার দিনের আমরণ অনশনের পর কাজে যোগ দিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা। ফলে আবারও মিলে উৎপাদন শুরু হয়েছে।  শনিবার দুপুরের পর থেকে আবারও স্ব-স্ব মিলে উপস্থিত হয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুুফিয়ানের দেয়া আশ্বাসের পর গত শুক্রবার দিবাগত রাতে আমরণ অনশন স্থগিত করেন শ্রমিকরা। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও প্লাটিনাম জুট মিলের হুমায়ুন কবীর বলেন, সরকারের আশ্বাসে রাতে অনশন স্থগিতের পর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯টি মিলের শ্রমিকরা পর্যায়ক্রমে কাজে যোগ দিতে শুরু করেন। ফলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে শিল্পাঞ্চলে।

উল্লেখ্য, পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। আর ১০ ডিসেম্বর শুরু হয় আমরণ অনশন। অনশনে অসুস্থ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক আব্দুস সাত্তার মারা যান। আমরণ অনশনের চারদিনে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হন। শুক্রবার রাতে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর নেতারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং গভীর রাতে অনশন ৩ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।

(এসআর /১৪ ডিসেম্বর ২০১৯)