
বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: রাজধানীতে একটু মাথা গোঁজার জন্য এক টুকরো জায়গা চাই উচ্চ-মধ্যবিত্ত সবার। তাই রিহ্যাব মেলায় স্বল্প আয়ের ক্রেতারা যেমন আসছেন, তেমনি উচ্চবিত্তরা আসছেন অর্থের নিরাপদ বিনিয়োগের আশায়। আবার ফ্ল্যাট, প্লটের অর্থায়নের খোঁজখবরও করছেন ক্রেতা-দর্শনার্থীরা।
মেলা উপলক্ষে নানা ছাড় ও উপহার দিচ্ছে আবাসন কোম্পানি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। অনেকে বুকিংও দিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো বুকিং পাবে।
ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর পাঁচ দিনের রিহ্যাব আবাসন মেলার শনিবার শেষ দিন। ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় হয় দেশের আবাসনশিল্প খাতের সবচেয়ে বড় এই আয়োজন। শনিবার রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।
রিহ্যাব সূত্র জানায়, আগের আবাসন মেলায় ৯০০ থেকে ৯৫০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লটের বুকিং এসেছিল। এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের কাছ থেকে আগের চেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে। আবাসন প্রতিষ্ঠানগুলোর সম্পূর্ণ প্রস্তুত ও আধা প্রস্তুত ফ্ল্যাট ও প্লট বিক্রির অফার রয়েছে। সেখানে ৪০ লাখ থেকে শুরু করে তিন কোটি টাকার ফ্ল্যাট পাওয়া যাবে। এর মধ্য থেকে চাহিদামতো ফ্ল্যাট ও প্লট খুঁজে পাবেন ক্রেতারা।
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে পরিস্থিতি ভালো থাকায় এবার মেলায় ক্রেতাদের সাড়া আগের চেয়ে বেশি। ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, যেকোনো খাতের তুলনায় আবাসনে বিনিয়োগ সবচেয়ে লাভজনক।
মেলায় আসা বেসরকারি চাকুরে মনির আহম্মেদ বলেন, ‘এবার মেলার পরিবেশ অনেক ভালো। মেলায় ছোট আকারের ফ্ল্যাটের প্রতিই চাকরিজীবীদের আগ্রহ বেশি থাকে। আবাসনে বিনিয়োগ সবচেয়ে লাভজনক, তাই সাধ্যের মধ্যে আমি মিরপুর ১ এলাকায় একটি ফ্ল্যাট নেব।’
আয়োজকরা জানান, গত চার দিনে মেলায় দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় উপস্থিত থেকে ফ্ল্যাট ও প্লট বুকিং দিয়ে নানা ধরনের ডিসকাউন্ট গ্রহণ করেছেন ক্রেতারা।
এবারের রিহ্যাব আবাসন মেলায় ২০২টি স্টল রয়েছে। ক্রেতাদের সহায়তা দিতে এ ছাড়াও ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে কো-স্পন্সর হিসেবে আছে ৩০টি প্রতিষ্ঠান। টিকিট কেটে যেসব দর্শনার্থী মেলায় প্রবেশ করেছেন, তাঁদের র্যাফল ড্র অনুষ্ঠিত হবে আজ রাত ৯টায়।
রিহ্যাবের সহসভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘গত চার দিন ব্যাপক দর্শনার্থী সমাগম হয়েছে। আবাসন খাতের ব্যবসায়ী, নির্মাণ যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ব্যাবসায়িকভাবে সফল হয়েছে। এক তাঁবুর নিচে আবাসনের সব প্রতিষ্ঠান পেয়ে খুশি দর্শনার্থীরাও।’
রিহ্যাব মেলায় অভিজাত এলাকাগুলোয় ফ্ল্যাটের দাম কোটি টাকার বেশি। মিরপুর, খিলগাঁও, গোপীবাগের মতো এলাকায় মধ্যবিত্তের জন্য ৫০ লাখের কমেও ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানা রোডে ৮০০ থেকে এক হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম বর্গফুটপ্রতি তিন হাজার ৬০০ টাকা। মেলায় আসা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সহজ শর্তে ঋণ দিচ্ছে। সরকারি হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ৮ থেকে ৯ শতাংশ হারে গৃহঋণ দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১০ থেকে ১২ শতাংশ হারে ফ্ল্যাট, ভবন নির্মাণে ঋণ দিচ্ছে।
(এসআর / ২৮ডিসেম্বর ২০১৯)