
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: সাইফুজ্জামান মিন্টু ও তাঁর দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জামান খানের মর্মান্তিক মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত শোক সভায় গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নরবৃন্দসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নিহত মেধাবী কর্মকর্তা সাইফুজ্জামান ও দুই মেয়ের আত্মার মাগফেরাত কামনা এবং আহত স্ত্রী ও ছেলের সুস্থতা কামনা করা হয়।
সভায় আহতদের সুচিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাইফুজ্জামানের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করা হয়। এছাড়া লরির চালককে আটক করে দৃস্টান্তমূলক শাস্তির দাবীও করেন সভায় অংশগ্রহনকারীরা।
এদিকে রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বাবা সাইফুজ্জামান ও পরে দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খানের (১১) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গতকাল শনিবার বান্দরবন থেকে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় লরির সঙ্গে সংঘর্ষের মুথোমুখি হয় ব্যাংক কর্মকর্তা ও তার পরিবার পরিজনের গাড়িটি। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তার দুই মেয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। এ ঘটনায় তার স্ত্রিী ও ছেলে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
(এসআর/এসএএম/২৯ ডিসেম্বর ২০১৯)