Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 18:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ‘এ’ গ্রেড থেকে বাদ পড়েছে ক্যাফে মতিঝিল রেস্তোরাঁ।

সোমবার রাজধানীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ সময় ক্যাফে মতিঝিল রেস্তোরাঁয় রান্নাঘর নোংরা থাকায় তাদের ‘এ’ গ্রেড প্রাপ্ত স্টিকার খুলে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

তিনি সাংবাদিকদের জানান, ‘এ’ গ্রেডপ্রাপ্ত ক্যাফে মতিঝিল রেস্তোরাঁয় আজকে সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় তাদের রান্নাঘর নোংরা পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে গত ২০ জানুয়ারিতে দেয়া ‘এ’ গ্রেডের (ভালো মান) স্টিকার তুলে ফেলা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ক্যাফে মতিঝিলকে যখন ‘এ’ গ্রেডের স্টিকার দেয়া হয় তখন তাদের মান ভালো ছিল। এখন তাদের রান্নাঘর নোংরা অবস্থায় পেয়েছি। তাই তাদের ‘এ’ গ্রেড থেকে বাদ দেয়া হয়েছে। আমরা তাদের সতর্ক করেছি ও স্টিকার তুলে নিয়েছি। তারা সংশোধন করলে আবারও স্টিকার পাবে। যদি সংশোধন না করে তাহলে পরবর্তীতে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।

একইদিন মতিঝিলের হীরাঝিল হোটেলে পরিবেশ মোটামুটি পরিচ্ছন্ন পাওয়া যায় এবং তাদের কিছু নির্দেশনা প্রদান করা হয়। সিদ্ধেশ্বরীতে ফখরুদ্দিন বিরিয়ানির প্রধান শাখায় পরিবেশ মোটামুটি পরিচ্ছন্ন পাওয়া যায়। তবে তাদের প্রস্তুতকৃত আলুবোখারা ও চাটনির জন্য বিএসটিআইয়ের অনুমোদনের কাগজ পাওয়া গেলেও কৌটাসমূহে বিএসটিআইয়ের সিল পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে হোটেল ও রেস্তোরাঁর জন্য গ্রেডিং ব্যবস্থা চালু করা হয়। কর্তৃপক্ষ হোটেল এবং রেস্তোরাঁর মান অনুসারে স্টিকারের নাম দিয়েছে। এর মধ্যে ‘এ প্লাস’ (সবুজ রঙ) মান হলো উত্তম, ‘এ’ (নীল) মান ভালো, ‘বি’ মান (হলুদ) গড়পড়তা বা মোটামুটি এবং ‘সি’ (কমলা) মান- অনিরাপদ। ১০টি সূচক বিবেচনায় রেস্তোরাঁর মান নির্ধারণ করা হয়। প্রথম পর্যায়ে ঢাকায় ৫৭টি রেস্তোরাঁকে গ্রেডিং বা মান অনুযায়ী স্তর বিন্যাস করা হয়।

দ্বিতীয় পর্যায়ে গত ২২ ডিসেম্বর ৩০টি প্রতিষ্ঠানের গ্রেডিং করে মান নির্ধারণ করা হয়। এর মধ্যে কেউ ‘এ প্লাস’ পায়নি। ১৪টি প্রতিষ্ঠান ‘এ’ পেয়েছে। ৯টি পেয়েছে ‘বি’ গ্রেড এবং বাকি সাতটি প্রতিষ্ঠান পেয়েছে ‘সি’ গ্রেড।

(এসআর / ৩০ডিসেম্বর ২০১৯)