Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 20 Jun 2026 14:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরাশ জান্নাতুল বাকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সহযোগীতায় গতকাল বুধবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে মাদ্রাসার অপর এক শিক্ষকের বক্স খাটের ভেতর থেকে আদিল নামের শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

আটক করা ব্যক্তিরা হলেন-মাদ্রাসাটির সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদ (৩০) ও মাদ্রাসার মসজিদের মোয়াজ্জিন খায়রুল ইসলাম (২৫)। জোনায়েদের বাড়ি হাবিগঞ্জ জেলার রাখাইন উপজেলার তেগুরিয়া গ্রামে। খাইরুলের বাড়িও একই এলাকায়।

আদিল মাদ্রাসাটির প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলাসিয়ায়।

জোবায়েরের ভাষ্য অনুযায়ী,  কয়েক দিন আগে খায়রুলের মোবাইল ফোন সেট খোয়া যায়। এ ব্যাপারে তিনি জোনায়েদকে সন্দেহ করেন। খায়রুল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে জোনায়েদের বিরুদ্ধে নালিশ দেন। ঘটনার দিনই জোনায়েদকে ডেকে জেরা করেন জোবায়ের। গতকাল বিকেলে ছেলে আদিল মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ছেলেকে কোথাও না পেয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়। স্বজন ও গ্রামবাসী মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এ সময় জোনায়েদ ও খায়রুলের আচরণ সন্দেহজনক মনে হয়। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আদিলকে হত্যার কথা স্বীকার করেন জোনায়েদ। পরে জোনায়েদের কক্ষের বক্স খাটের ভেতর থেকে আদিলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য শিশু আদিলের লাশ বৃহস্পতিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, দুই হুজুরের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক করা হয়েছে।

(এসআর/এসএএম/ ০২ জানুয়ারি ২০১৯)