
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিমাপে কম দেওয়া ও কারচুপির অপরাধে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার কিশোরগঞ্জের ময়মনসিংহ রোডে অভিযানে দেখা যায়, ওই এলাকার মেসার্স মুরাদ অ্যান্ড কোম্পানি প্রতি ১০ লিটারে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ২২০ ও ১০৭ মিলিলিটার, একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার ও একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে ২২০ মিলিলিটার তেল কম দিচ্ছে।
এছাড়া শনিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় দেখা যায়, মেসার্স এফ খান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার প্রতি ১০ লিটারে তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫২০, ৪৭০ ও ৪৩০ মিলিলিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৬২০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে।
এছাড়া ভুলতা এলাকার মেসার্স বিসমিল্লাহ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন ১০ লিটারে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১২০ মিলিলিটার ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৬০ মিলিলিটার তেল কম দিচ্ছে।
একই অভিযানে দেখা যায়, গাজীপুরের মেসার্স জাহান ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৪০ ও ২৬০ মিলিলিটার, একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে ৫৯০ মিলিলিটার ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫৬০ মিলিলিটার তেল কম দিচ্ছে।
এসব কারণে প্রতিষ্ঠান চারটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।
(এসআর/এসএএম/০৫ জানুয়ারী ২০২০)