Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 17:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বাংলাদেশ সফরে আসছেন। মূলত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দলের অংশ হয়ে ঢাকায় আসছেন পিসিবির এই শীর্ষ কর্মকর্তা।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম তাদের খবরে বলছে, আইসিসির কমার্শিয়াল এবং ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা করবেন এহসান মানি। তাঁর সঙ্গী হয়ে আসছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি।

আইসিসির প্রতিনিধি দলের সফরে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এখন দেখার বিষয় পিসিবি চেয়ারম্যান কি পারবেন বিসিবিকে রাজি করাতে, পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য!

চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরটি নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে চলছে কথার লড়াই। কদিন আগেই বিসিবি জানায় আইসিসির প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে। এই সফরে আইসিসির পরবর্তী বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা হবে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসি’র ইভেন্ট নিয়ে অন্যান্য সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করছেন। মূলত ২০২৩ সালের পরে আইসিসির যে ইভেন্টগুলো হবে, সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন আমাদের সঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকে তাদের আসার কথা রয়েছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ দেখতে আইসিসির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

(এসআর / ০৮ জানুয়ারি, ২০২০)