Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 03:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: ঢাকা-বেনাপোল রুটের আন্ত:নগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ এর সময়সূচী পরিবর্তন হয়েছে।

নতুন সময় অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে যাবে, আর ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪০ মিনিটে। ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌছাবে সকাল ৮টা ২০ মিনিটে। এরআগে ট্রেনটি দুপুর ১টায় বেনাপোল থেকে ছাড়তো আর ঢাকা থেকে রাত সাড়ে ১২ টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসতো।

গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টায় নতুন সময় সুচীর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার শাহিনুর শাহীন।

এদিকে সময়সূচী পরিবর্তন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

তারা বলেন, এ পথে বেশিভাগ যাত্রী ভারতগামী। আগের সময়সূচীতে ঢাকা থেকে বেনাপোলে আসতে দুপুর ২টা থেকে ৩টা বেজে যেতো, তাতে এদিন যাত্রীরা কলকাতা পৌঁছে কোনো কাজ করতে পারতেন না। বর্তমানে নতুন সময়ে ঐ সমস্যা থেকে যাত্রীরা অনেকটা মুক্তি পাবে।

এদিকে বেনাপোল এক্সপ্রেসে বেনাপোলে আসন সংখ্যা বাড়ানোর দাবী জানিয়েছেন যাত্রীরা।

তারা বলেন, বেনাপোলে মাত্র ২২২ আসন বরাদ্দ আছে যা চাহিদার তুলনায় খুবই কম। বেনাপোল দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর হওয়াতে এ পথে ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা ও ভ্রমনে মানুষ বেশি যাতায়াত করে থাকে তাই। এখানে আসন সংখ্যা বাড়ানো দরকার।

স্টেশন সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেনাপোল এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে ট্রেনটি বিরতিহীন ভাবে চললেও পরবর্তীতে যাত্রীদের দাবীর প্রেক্ষিতে এপথে বিভিন্ন ষ্টেশন থেকে যাত্রী নেওয়া হয়। বর্তমানে বেনাপোল, ঝিকরগাছা, যশোর, মোবারোকপুর, কোটচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, পুড়াদহ, ঈশ্বরদী ও শেষ বিরতি ঢাকা বিমানবন্দর।

জানা গেছে, ট্রেনটিতে মোট ৮৯৬টি আসন রয়েছে। ননএসিতে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত প্রতি সিটের ভাড়া ৪৮৫ টাকা ও এসিতে ৯৩২ টাকা ধার্য রয়েছে।

(এসএএম/ ১২ জানুয়ারি ২০১৯)