
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামের এক বাংলাদেশি গরুর রাখাল ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ এর পিটুনিতে নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, হানেফ আলী মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে ভারতের বন্যাবাড়ীয়া সীমান্তে বুধবার সকালে বি এস এফ এর হাতে ধরাপড়ে।
এ সময় বিএসএফ এর বেধড়ক পিটুনিতে হানেফ আলী মারাত্বক অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বুধবার দুপুরে তাকে মৃত ঘোষনা করেন। নিহত হানেফ আলী ঐ গ্রামের শাজাহান আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান গরুর রাখাল হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হানেফ আলী পারিবারিক বিবাদে দুদিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তার মামার বাড়ী চলে যায় এবং বুধবার সকালে বাড়ী ফেরার পথে ভারতে বি এস এফ এর হাতে ধরাপড়ে। তাদের নির্যাতনের এক পর্যায়ে হানেফ আলী মারা যান।
তার লাশ বনগাঁ হাসপাতালের মর্গে রাখা আছে। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কর্তৃপক্ষ ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে আনার চেষ্টা করছে বলেও তিনি জানান।
(মনিরুল/ শাহরিয়ার / ২৩ জানুয়ারি, ২০২০)