
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, সুনামগঞ্জ: অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক জনসভায় এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে মাসে ৫০০ টাকা ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, হাওয়ারের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছে বর্তমান সরকার। কৃষি অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করবে।
উল্লেখ্য, হাওর এলাকা ঘুরে দেখতে রোববার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শাল্লা হাই স্কুল মাঠে অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শাল্লায় উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ফলে এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার কৃষকের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।
(এসএএম/ ৩০ এপ্রিল ২০১৭)