
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত কর্পোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) এর কিছু সংযোজন ও সংশোধন অনুমোদন করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিএসইসির ৭১৬তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, কর্পোরেট গভর্ন্যান্স কোডের সংযোজন এবং সংশোধনের মধ্যে সকল ইস্যুয়ার কোম্পানি কর্পোরেট গভর্ন্যান্স কোড এর কোন বিধান বাধ্যতামূলকভাবে পরিপালনে কোন অস্বীকৃতি বা ব্যর্থতা বা লঙ্ঘন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর অধীন শাস্তিযোগ্য হিসাবে পরিগণিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যান্যের মধ্যে অ-তালিকাভুক্তকরণ বা শেয়ারের লেনদেন স্থগিতকরণ করা হবে এবং কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নিয়োগ বা পুন:নিয়োগের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরকে প্রদত্ত পরিচালকের প্রতিবেদনে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকগণ তাদের জীবন বৃত্তান্তের সাথে অন্য যে সকল কোম্পানিতে পরিচালক হিসেবে বা অন্য কোনো পদে নিয়োজিত আছেন তার বৃত্তান্ত প্রদান করবেন।
এছাড়াও সভায় বিদ্যমান একটি নোটিফিকেশন সংশোধনের (এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন/০৩-৩০, ডেটেড : ০১ জুন ২০০৯) সিদ্ধান্ত গ্রহন করেছে কমিশন। উক্ত নোটিফিকেশনে অন্যান্য সংশোধনীর মধ্যে নিম্নরূপ সংযোজন উল্লেখযোগ্য: কোন তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানি শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদন ব্যতিরেকে উক্ত কোম্পানির পূর্ববর্তী নিরীক্ষিত হিসাবে প্রদত্ত মোট স্থাবর সম্পত্তির ৫০ শতাংশের বেশি সম্পদ বিক্রয় চুক্তিতে আবদ্ধ হবে না এবং প্রথম লেনদেনের তারিখ হতে পরবর্তী এক বছরের মধ্যে একক বা যৌথভাবে লেনদেনের মাধ্যমে উক্ত বিক্রয় সীমা অতিক্রম করবে না।
(শামীম/২৮ জানুয়ারি ২০২০)