Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০ শুরু হচ্ছে আগামি ৬ ফেব্রুয়ারি।

‘ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন’ স্লোগান নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাওয়া চারদিনের এই মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারের বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এবার এক্সপোর প্লাটিনাম স্পন্সর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ও সিলভার স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

অস্বাগত বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সফটওয়্যার এক্সপো ধীরে ধীরে বড় হচ্ছে। দক্ষিণ এশিয়ায় এটি সবচেয়ে বড় আইসিটি এক্সপো। দেশের আইটি ইন্ডাস্ট্রির ব্রান্ডিং করতেই এই এক্সপোর আয়োজন করা হয়। শোকেসিং সবচেয়ে বড় উদ্দেশ্য, নিজেদের সম্পর্কে জানান দিতে চাই আমরা এই খাতটিতে কতোটা সক্ষম।

বেসিসের সিনিয়র সহ সভাপতি ফারহানা এ রহমান বলেন, বেসিস সফটএক্সপোর তথ্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে। এক ছাদের নিচে এই ইন্ড্রাস্ট্রিতে নতুন কী ধরণের পণ্য এসেছে এক্সপোতে পরখ করে দেখা যাবে। এছাড়া সফটএক্সপো হবে আইসিটি খাতে সম্পৃক্তদের মিলনমেলা।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো এবার বেসিস সফটএক্সপোর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মেলায় ১০ টি বিশেষ জোন থাকবে। ৩০০ টিরও বেশি তথ্য ও যোযোগাযোগ প্রতিষ্ঠান অংশ নেবে। সেমিনার অনুষ্ঠিত হবে ৩০ টিরও বেশি। ২ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের আয়োজনও থাকছে মেলায়।

থাকবে ৪৫ টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং। মেলায় অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স। ১০০ এরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। মেলার বিস্তারিত তথ্য www.softexpo.com.bd ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

(এসএএম/৩০ জানুয়ারি ২০২০)