Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 18:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকেই বিদেশ যাবেন, ঢাকা থেকে নয়’-এ লক্ষ্য নিয়ে আগামী মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম-কুয়ালালামপুর রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ‘মালিন্দো এয়ার’। ফিরতি টিকেটসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে ২১ হাজার টাকা।

সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন চট্টগ্রাম কুয়ালালামপুর রুটে ফ্লাইট অপারেট করবে মালিন্দো এয়ার। শুরুতে তিন মাসের বিশেষ কার্যক্রমে মালিন্দো এয়ার যাত্রীদের সাশ্রয়ী ভাড়াসহ বিশেষ কিছু সুযোগ সুবিধা দেবে।

সম্প্রতি মালিন্দো এয়ারের বাংলাদেশ ও নেপালের এরিয়া ম্যানেজার এমগুনাসেকর এসব তথ্য জানান।

এমগুনাসেকর জানান, মালয়েশিয়ার বেসরকারি ফ্লাইট অপারেটর বোয়িং ৭৩৭-৮০০ ইআর এবং বোয়িং ৭৩৭-৯০০ ইআর মডেলের অত্যাধুনিক এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট অপারেট করবে। সোয়া তিন ঘন্টায় ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কুয়ালালামপুর পৌঁছবে। এক ধরনের এয়ারক্রাফটে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস এবং অপর ধরনের এয়ারক্রাফটে ১২টি বিজনেস ও ১৬০টি ইকোনমি ক্লাস সিট রয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম থেকে কুয়ালালামপুরের যাত্রীরা ৩০ কেজি পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবেন। হাত ব্যাগে পরিবহনের সুযোগ পাবেন আরো সাত কেজি। ২০১৪ সালের মার্চে মালিন্দো এয়ার চট্টগ্রামে ফ্লাইট অপারেট শুরু করলেও এক বছরের মাথায় তা বন্ধ করে দিয়েছিল। ব্যবসায়িক কারণে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। ২০১৫ সালের মে মাসে মালিন্দো এয়ার চট্টগ্রামে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল।

নতুন করে আবারো এই রুট প্রসঙ্গে তিনি বলেন, আগে আমাদের এত বেশি এয়ারক্রাফট ছিল না। এখন আমাদের বিভিন্ন মডেলের অনেকগুলো বোয়িং। ওই সময়ের তুলনায় এখন আমাদের অবস্থা অনেক ভালো। আমরা এখন কুয়ালালামপুর থেকে বিশ্বের ১৫টি দেশের ৫০ গন্তব্যে ফ্লাইট অপারেট করি। আমরা আরো নতুন নতুন রুট খুঁজছি।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রচুর মানুষ গোয়াংজুসহ পূর্বদিকের নানা গন্তব্যে যান। বর্তমানে তারা ঢাকা থেকে যান। এখন থেকে আমাদের ফ্লাইটে যেতে পারবেন। গোয়াংজুতে আমাদের ফ্লাইট রয়েছে এতে চট্টগ্রামের মানুষের বহু সুবিধা হবে। আমরা চাই চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকেই বিদেশ যাবেন, ঢাকা থেকে নয়।

অনুষ্ঠানে মালিন্দো এয়ারের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)