
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কন্যাসন্তানকে ভাবা হয় সৌভাগ্যের নিদর্শন। শহীদ আফ্রিদি পৃথিবীর সেই সৌভাগ্যবান বাবাদের একজন। এর আগে চার কন্যার পিতা ছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এবার তার ঘর আলো করে এলো আরও এক কন্যাসন্তান। তার অন্য চার মেয়ের নাম আকসা, আনশা, আজওয়া ও আসমারা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সুখবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। এছাড়া ইন্সটাগ্রামে আফ্রিদি একটি ছবি পোস্ট করে। যেখানে পাঁচ মেয়ের সঙ্গে হসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুম বুম খ্যাত তারকাকে।
ক্যাপশনে আফ্রিদি লিখেন, সর্বশক্তিমানের অসীম দয়া ও করুণা আমার ওপর…. ইতোমধ্যে ৪টি অসাধারণ কন্যা আমাকে দেওয়া হয়েছে, আর এখন আমি পঞ্চমটির আশীর্বাদ পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিতে চাচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি কদিন পর ৪৬ বছরে পা দেবেন। সর্বশেষ তাকে আন্তর্জাতিক আঙিনায় দেখা গেছে ২০১৮ সালের মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসিসির বিশ্ব একাদশের হয়ে খেলতে।
এরপর থেকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাচ্ছেন আফ্রিদি। মাস কয়েক আগে খেলে গেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল), যেখানে তার দল ছিল ঢাকা প্লাটুন।
(এস আর /১৫ ফেব্রুয়ারি, ২০২০)