Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও পপি। এই দুই তারকা এক সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন দুজন দুজনার, হীরা চুনি পান্না, বস্তির রানী সুরিয়াসহ বেশ কিছু ছবিতে। সর্বশেষ ২০০৭ সালে এই জুটির দানব সন্তান ছবিটি মুক্তি পায়। এরপর আর তাদের একসাথে দেখা যায়নি। নতুন খবর হলো আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।

দীর্ঘ বিরতির পর প্রযোজনায় ফিরছেন ঢালিউড অভিনেতা অমিত হাসান। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘কে আপন কে পর’ নামে একটি ছবি। ৯ বছর পর আবারও প্রযোজনায় ফিরছেন শিগগিরই। নাম ঠিক না হওয়া তার সেই ছবিতে জুটি হয়ে পর্দায় ফিরছেন সুপারস্টার শাকিব খান ও পপি। এমন তথ্যই নিশ্চিত করেলেন অমিত।

অমিত হাসান তার ছবিটি নিয়ে বলেন, আবারও প্রযোজনায় আসার পরিকল্পনা নিয়েছি। আমার প্রযোজনার প্রথম ছবিটি শাহীন সুমন পরিচালনা করেছিলেন। এবারেও তিনিই থাকবেন পরিচালনার দায়িত্বে। গল্প লেখার কাজ চলছে। ভিন্ন ভাবনার কিছু করার ইচ্ছে আছে এবার।

ছবিটিতে কারা অভিনয় করবেন সেই প্রসঙ্গে এই নায়ক বলেন, আমার প্রযোজিত প্রথম ছবিতে আমি নিজেই নায়ক হিসেবে অভিনয় করেছিলাম। তবে এবার থাকবে শাকিব খান। সেই এখন সময়ের সেরা নায়ক। তার সঙ্গে কথাও হয়েছে। আমার প্রযোজনায় কাজ করতে আগ্রহী সে। আমিও শাকিবকে নিয়ে ছবিটি নির্মাণ করতে খুব আগ্রহী। পাশাপাশি নায়িকা হিসেবে পপির কথা ভাবছি।

এদিকে কিছু দিন আগে শাকিব-পপি এক সাথে ফের অভিনয় করতে যাচ্ছে এমন সংবাদ প্রকাশ হয়। সে সময় নায়িকা পপি বলেন প্রাথমিক আলাপ চলছে। দেখা যাক কি হয়।

(এসআর/ ২৪ ফেব্রুয়ারি, ২০২০)