Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 14:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালে আরব বসন্তের ধাক্কায় ক্ষমতাচ্যুত হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। ৯১ বছর বয়সী এই স্বৈরশাসক মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মারা যান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মিশরের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মুবারকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। পরে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে টানা ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।

অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে শীর্ষ আদালত তখন তাকে খালাস দেন। ২০১২ সালে একটি অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত পুনর্বিচারের নির্দেশ দেন। দুই বছর পর মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর গত ২ মার্চ আপিল আদালত তাকে হত্যাকাণ্ডের দায় থেকেও অব্যাহতি দেন। বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পান ২০১৭ সালে।

পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

(এসআর/ ২৫ ফেব্রুয়ারি, ২০২০)