Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 22:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে বন্ধ রাখা হয়েছিলো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম। এছাড়া মদিনার মসজিদে নববীও একই কারণে বন্ধ রাখা হয়েছিল।

তবে এই দুইটি মসজিদ খুলে দেয়া হয়েছে বলে শুক্রবার (৬ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আখবারিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদগুলো পরিচ্ছন্ন করার জন্যই বন্ধ রাখা হয়েছিল। তবে হাজীরা ওমরাহ হজ শুরু করতে পারবে কিনা সেই বিষয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশি এবং নিজ দেশের বাসিন্দাদের জন্য ওমরাহ হজ নিষিদ্ধ করেছে সৌদি সরকার।

এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, করোনাভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সারা বছর ধরেই ওমরাহ পালন করা হয়ে থাকে। কিন্তু পবিত্র হজ বছরে একবার পালন করেন বিশ্বের লাখ লাখ মুসলিম। প্রত্যেক বছরের জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজ শুরু হয়।

মক্কা, মদিনা এবং হজবিষয়ে সৌদি বিশেষজ্ঞ ডা. স্বামী আনগায়ি বলেছেন, আমার জীবদ্দশায় দেখা এই নিষেধাজ্ঞাকে সবচেয়ে কঠোর মনে হচ্ছে। তবে ইসলামের এক হাজার ৪০০ বছরের ইতিহাসে এটি নজিরবিহীন নয়। তবে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রের সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাহসী এবং বুদ্ধিদ্বীপ্ত বলে মন্তব্য করেছেন তিনি।

সৌদি আরবের ডেপুটি হজ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাশাত বলেছেন, সৌদির আরবের নাগরিক এবং বাসিন্দারা এখনও মক্কা এবং মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন। তবে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩০৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া এই ভাইরাস বিশ্বের ৮০টিরও বেশি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৩৬ জন। তবে চীনের বাইরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইউরোপের দেশ ইতালিতে। এ দুই দেশেই বৃহস্পতিবার পর্যন্ত ১০৭ জন করে মানুষের প্রাণ গেছে।

(এসআর/ ০৭ মার্চ, ২০২০)