Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সপ্তাহে ঢাকা সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের ক্রমবর্ধমান হুমকির মুখে মোদীর সফর বাতিল করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্রের বরাতে সোমবার (৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এএনআই এবং টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) প্রথমবারের মতো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় বাংলাদেশে। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। দেশটিতে যাতে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত ও গণজমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসের ক্রমবর্ধমান হুমকির মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত ও পুনর্বিন্যস্ত করা হয়েছে। আগামীতে সুবিধাজনক কোনো সময়ে এ উপলক্ষে বড় আয়োজন করার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করলেও, অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের গণজমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সার্বিক প্রেক্ষাপটেই আপাতত বাংলাদেশ সফর বাতিল হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু মোদীই নন, করোনার হুমকির মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য বিদেশি অতিথিদেরও বাংলাদেশ সফর বাতিল হয়েছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। ইতোমধ্যে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে অন্তত ১০৪টি দেশে।

(এসআর/ ০৯ মার্চ, ২০২০)