Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  কমে আসলো অপেক্ষা। মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’। আসছে কোরবানি ঈদেই ছবিটি সারাদেশে মুক্তি পাবে। এই অভিনেতার ঘনিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এতে করে প্রায় ছয় বছর পর কোরবানি ঈদে ছবি নিয়ে হাজির হতে চলেছেন অনন্ত।

দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে সিনেমায় ফিরছেন অনন্ত জলিল। তার সঙ্গে ফিরছেন বর্ষাও। তারা জুটি বেঁধেছেন ভিন্ন ঘরানার গল্পে বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’ নামের ছবিটি দিয়ে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

এখানে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে। ধুন্ধুমার অ্যাকশানে ভরপুর ছবিটিতে থাকবে পারস্য সভ্যতার আমেজ।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। এছাড়াও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত দেশটির আরও অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।

ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অনন্ত জলিল। বিভিন্ন সাক্ষাতকার ও সমাজিক যোগাযোগ বার্তায় বারবার তিনি দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস বাস্তবে আমার ছবির সিনেমার শুটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।’

অনন্ত’র সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আসছে কোরবানি ঈদে ছবিটি ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে।

সম্প্রতি প্রযোজক সমিতির বনভোজনে অনন্ত জলিল প্রথমবারের মতো ‘দিন-দ্য ডে’ ছবির ট্রেলার উন্মোচন করেন। অ্যাকশন ও রহস্যে ঘেরা ছবিটির গল্পের প্রয়োজনে বাংলাদেশ, আফগানিস্তান ও ইরানের চোখধাঁধানো লোকেশনে মারপিটের দৃশ্য ধারণ করা হয়, যা ট্রেলারে দেখে পছন্দ করেন উপস্থিত চলচ্চিত্রকর্মীরা। শিগগিরই ট্রেলারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

(এসআর/ ১০ মার্চ, ২০২০)