Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 19:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  নভেল করোনাভাইরাস সংক্রমণের ভীতিতে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে চীনের বাজারে হীরা বিক্রিতে বিপর্যয় নেমে এসেছে। বিলাসবহুল ক্রেতারা ঘরে বসে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

গত জানুয়ারির প্রথম দিকের তুলনায়, গত সপ্তাহে বিক্রি এক-তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে হীরার বৈশ্বিক প্রতিষ্ঠান ডি বিয়ারস। লন্ডনভিত্তিক এ বহুজাতিক প্রতিষ্ঠান জানিয়েছে, এরই মধ্যে চীনসহ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, চীনা অর্থনীতির প্রথম প্রান্তিক সংকোচনের দিকে যাচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাবে দেশটির ক্রেতারা ঘরে বসে থাকায় এ পরিস্থিতি নেমে এসেছে। এছাড়া চীনা কারখানাগুলোও স্থবির হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে দেশটির গাড়ি শিল্প অচল হয়ে পড়েছে। চলমান সংকটে দেশটির গাড়ির বিক্রি এ মাসে রেকর্ড পরিমাণ কমে গেছে। প্রকৃতপক্ষে চীনা অর্থনীতির সব স্তরেই সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। এ মন্দা পরিস্থিতিতে খনি কোম্পানি, ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারীরা চক্রক্রমিক প্রভাবের মধ্যে পড়েছেন। হীরা শিল্পের মধ্যস্বত্বভোগী কর্মচারীরা ধ্বংসের দ্বারপ্রান্তে। মসৃণ ও অমসৃণ হীরা উভয় ক্ষেত্রেই এ মারাত্মক বিপর্যয়কর পরিবেশ তৈরি হয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ডি বিয়ারস বতসোয়ানায় বড় খনি পরিচালনা করে। এর মাধ্যমে কোম্পানিটির ব্যবসা প্রসার লাভ করেছে। বর্তমানে এ বৃহৎ প্রতিষ্ঠানও হুমকির মুখে পড়েছে। এর বাইরে প্রতিষ্ঠানটির অন্য ছোট প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে এ পরিস্থিতি আরো মারাত্মক। গত সপ্তাহে পেত্র ডায়মন্ড লিমিটেডের বিক্রি রেকর্ড পরিমাণ কমে গেছে। এ প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী লুকারা ডায়মন্ড করপোরেশনের বিক্রি সাত বছরে সবচেয়ে কমে গেছে। এদিকে ফায়ারস্টোন ডায়মন্ড পিএলসি গত সপ্তাহে লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে এ কোম্পানিটি বাতিল হয়েছে। ডি বিয়ারসের রাশিয়ান প্রতিদ্বন্দ্বী আলরোজা পিজেএসসি গত সপ্তাহে জানিয়েছে, জানুয়ারিতে ব্যবসার গতি ফিরে পেলেও ফেব্রুয়ারিতে ফের ক্ষতির মুখে পড়তে হয়েছে। অমসৃণ হীরার মূল্য পর্যবেক্ষক প্রতিষ্ঠান গাই হারারি জানান, অমসৃণ হীরার বাজার এখন স্থবির হয়ে রয়েছে।

(এসআর/ ১০ মার্চ, ২০২০)