Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 13:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মাগুরায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। আর পেঁয়াজের ফলনও আশাতীত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ বছর জেলার চার উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৫০ হেক্টর জমিতে কিন্তু চাষ হয়েছে ৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৭৯৫ হেক্টর বেশি। এর মধ্যে শ্রীপুর উপজেলায় সবচেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এ উপজেলায় ৫ হাজার ৮৯৫ হোক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এ ছাড়া সদর উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর, মহম্মদপুরে ১ হাজার ৪০০ হেক্টর এবং শালিখা উপজেলায় ৮৭০হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। যা থেকে ১ লাখ ১৭ হাজার ৯০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এ ছাড়া জেলায় পেঁয়াজের আবাদ সফল করতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করায় পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে ।

ইতিমধ্যে জেলার কিছু এলাকায় কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে শুরু করেছেন। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,উচ্চ ফলনশীল জাতের লাল তীর কিং, বারি পেঁয়াজ-১(তাহেরপুরি), স্থানীয় জাতের রাজশাহী কিং, ফরিদপুরীসহ বিভিন্ন জাতের পেঁয়াজ বেশি চাষ হয়েছে। এসব জাতের পেঁয়াজ কৃষক ও জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয়। এ জাতের পেঁয়াজের সাদ গন্ধ হুবহু দেশী পেঁয়াজের মত। এ ছাড়া কৃষকরা এটির বাজার মূল্য ভালো পায় ও সংরক্ষণ ক্ষমতা বেশি। এ কারণে এ জাতের পেঁয়াজ চাষ বেশি হয়। এ বছর এসব জাতের পেঁয়াজ চাষ হয়ে প্রায় ৮৫ শতাংশ জমিতে। বাকি ১৫ শতাংশ জমিতে কৃষকরা উচ্চ ফলনশীল বারি পেঁয়াজ-৪সহ বিভিন্ন স্থানীয় জাতের পেঁয়াজের আবাদ করেছে । এ ছাড়া অনেক কৃষক উচ্চ ফলনশীল জাত।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, চলতি মৌসুমে পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে। এ বছর জেলায় চাষ হওয়া মোট পেঁয়াজের প্রায় ৮৫ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল লাল তীর কিং,বারি পেঁয়াজ-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ করছেন কৃষকরা। এখন মাঠ থেকে পেঁয়াজ তুলে বাজারে মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে। পেঁয়াজের উৎপাদন বাড়াতে আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি।

(এমআই/এসএএম/১৪ মার্চ ২০২০)