Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 16:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কিশোরগঞ্জের ভৈরবে ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরা সবাই বিদেশ ফেরত। তাদেরকে আজ ট্রমা হাসপাতালে আইসোলেশন ইউনিটে নেওয়া হবে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে বুধবার এদেরকে নেওয়া হবে বিশেষ আইসোলেশন ইউনিটে। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড লাগোয়া স্থানে নির্মাণাধীন ট্রমা সেন্টারে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ জনসহ এই পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা সংখ্যা দাঁড়াল ৯৬ জন। এরা সবাই ইতালীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে ফেরত বলে জানায় সূত্র।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, এখন পর্যন্ত ভৈরবে বিভিন্ন দেশ হতে আগত ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা লোকদের বেশির ভাগই বিদেশ ফেরত । সবাইকে নির্দিষ্ট সময় পর্যন্ত ঘরের নির্দিষ্ট কক্ষে থাকতে বলা হয়েছিল। তবে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাদেরকে আইসোলেশন ইউনিটে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেজন্য ট্রমা সেন্টারে আইসোলেশনের সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, বুধবার থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯৬ জনকে আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে নেয়া হবে। তিনি আরো জানান, যদি কেউ সরকারি নির্দেশনা না মানেন তাহলে তাদের শাস্তির আওতায় আনা হবে ।

(এসআর/ ১৮ মার্চ, ২০২০)