
বিনিয়োগবার্তা ডেস্ক,: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। বিশ্বের এ সংকটকালীন মুহূর্তে গবেষকরাও হিমশিম খাচ্ছেন এর প্রতিষেধক আবিষ্কারে। ছোঁয়াচে এ রোগে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১১ হাজার ৩৯৮ জন। এরই সঙ্গে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯১ হাজার ৯১২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ৭৪০ জন।
শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২৭ জন। এনিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২৫৫ জন। অন্যদিকে, চীনের বাইরে মারা গেছে ৮ হাজার ১৪৩ জন।
সবচেয়ে বেশি মারা গেছে ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালিতে। গোটা ইতালি এখন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। দেশটির ৬ কোটি মানুষ এক অর্থে বন্দি জীবন-যাপন করছে।
করোনা ভাইরাস পুরো বিশ্বকেই যেন স্তব্ধ করে দিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশেই রাস্তা-ঘাট, অফিস-আদালত, শপিংমল-মার্কেট, রেস্তোরাঁ-বার সব কিছুই ফাঁকা।
জাঁকজকপূর্ণ শহরগুলো এখন পরিনত হয়েছে ভূতুড়ে নগরীতে, যুদ্ধকালীন জরুরি অবস্থা চলছে সেখানে। সবার মধ্যে ভয়, আতঙ্ক আর শঙ্কা।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
(এসআর/২১ মার্চ, ২০২০)