Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে ‘কোয়ারেন্টাইন হোম’ লেখা স্টিকার লাগানোসহ বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের খোঁজ নিচ্ছে জেলা পুলিশ।

এছাড়া প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে জেলার ৭টি থানার পুলিশ। বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখছেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা। এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি স্পেশাল ব্রাঞ্চ (বিশেষ শাখা) থেকে নরসিংদী ফিরে আসা প্রবাসীদের তালিকা সংগ্রহ এবং থানা ভিত্তিক তালিকা করে তা সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়েছে।

তালিকা অনুযায়ী, থানা পুলিশ ফিরে আসা প্রবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে কমপক্ষে ১৪ দিন সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় খোঁজ-খবর নিচ্ছেন ও বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

এ ছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের বাচাঁতে এবং এ ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার, হাত ধোয়াসহ প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।

(রাজু/রনক/শামীম/২২ মার্চ ২০২০)