
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কাঁচামাল (রি-এজেন্ট) হাতে পাওয়ার পর নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরি শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এখন সেই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পাঁচজন রোগীর রক্তের নমুনা চাওয়া হয়েছে। কিন্তু দুদিন অতিবাহিত হলেও এখনো এ নমুনা হাতে পায়নি প্রতিষ্ঠানটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিনিয়োগবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চীন থেকে কাঁচামাল আসার পর গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে কিট তৈরির কাজ শুরু হয়েছে। আমার এখন পাঁচজন কোভিড-১৯ রোগীর পাঁচ সিসি করে রক্ত দরকার। আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে চেয়েছি। তারা যদি এটা ব্যবস্থা করে দেন তাহলে আমরা আমাদের উদ্ভাবিত কিটের স্যাম্পল টেস্ট করতে পারি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আমরা এই নমুনা হাতে পেয়ে যাবো”
ডা. জাফরুল্লাহ বলেন, মন্ত্রণালয় যদি মঙ্গলবারের মধ্যে রক্তের নমুনার ব্যবস্থা করে দেয়, তাহলে সরকারকে তারা ১১ এপ্রিল চূড়ান্ত স্যাম্পল দিতে পারবেন। আগামী শনিবার সকালে ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে স্যাম্পল হস্তান্তর করতে চাই আমরা। সেদিন ১১টি স্যাম্পল আমরা দেব। এই স্যাম্পলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইনাল অ্যাপ্রুভাল দিলে আমরা কিট বাজারে ছাড়তে পারবো।
সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে প্রথম দফায় ১০ হাজার এবং এপ্রিল মাসের মধ্যে এক লাখ কিট বাজারে ছাড়া যাবে বলে আশা প্রকাশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি।
প্রসঙ্গত, এই কিট উদ্ভাবন করেছেন গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালসের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শীল। এই পদ্ধতিতে একজন রোগীর শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করে বলা হবে কোভিড-১৯ পজিটিভ না নেগেটিভ।
উল্লেখ্য, তিন মাস আগে চীন থেকে ছড়িয়েপড়া নভেল করোনাভাইরাস এখন বিশ্বের ১৮৩ দেশে ছড়িয়ে পড়েছে। অতি সংক্রামক এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার মানুষের।
বাংলাদেশে এ পর্যন্ত ১৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
(শামীম/০৮ এপ্রিল ২০২০)