
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নীলফামারীর সৈয়দপুরে ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মহীন লোকজন। তবে উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার দাবি, ‘প্রচুর ত্রাণ আছে। তাদের দেওয়া হবে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসনের সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করেন তারা।
১৯৯৪ সালে গড়ে ওঠা উত্তরা আবাসন প্রকল্পে বর্তমানে প্রায় ১২০০ দিনমজুর পরিবার বসবাস করে। করোনার কারণে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করায় এখানকার সবাই কর্মহীন হয়ে পড়েছেন। তারা অর্ধাহারে দিন কাটাচ্ছেন। পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ব্র্যাকের সহযোগিতায় ২৫০টি পরিবারকে ১৫০০ টাকা করে সহযোগিতা করেছেন। বাকি পরিবারগুলো পৌরসভা, উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষে কোনও ত্রাণ পায়নি। এতে তারা চরম দুরবস্থায় পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ওই সড়ক ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনকে অবহিত করে বিষয়টি সুরাহার আশ্বাস দেয়। এতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, সব কর্মহীন মানুষ ত্রাণ পাবেন। বিক্ষোভ বা সড়ক অবরোধ করে কোনও লাভ হবে না। বরং তারাই ক্ষতিগ্রস্ত হবেন।
(এসআর/এসএএম/০৮ এপ্রিল ২০২০)