Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 08:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে চীনের অর্থনীতি। করোনাভাইরাস মহামারির কারণে দেশটির সব কলকারাখানা বন্ধ রাখায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়েছে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে।

করোনাভাইরাস চীনের অর্থনীতিতে যে ক্ষতি করেছে, তা অন্য দেশগুলোর জন্যও ব্যাপক উদ্বেগের বিষয়। কারণ, চীন হলো এই বিশ্বের সবচেয়ে বড় কারখানা। বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে মাঝারি–ছোট সব ধরনের কারখানার পণ্য উৎপাদন হয় এখানে।

এর আগে ১৯৯২ সালে এক প্রান্তিকে অর্থনৈতিক সংকোচন দেখেছিল চীন।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের গবেষক ইউয়ি সু বলেন, ‘জানুয়ারি থেকে মার্চ মাসে জিডিপি সংকোচন স্থায়ী আয়ের ক্ষতির কারণে হয়েছে। সেই সঙ্গে ছোট সংস্থাগুলোর দেউলিয়া হয়ে যাওয়া ও কর্মসংস্থানের ক্ষতিতে প্রতিফলিত হয়েছে।’

গত বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ ছিল তুঙ্গে। তবে ওই অস্থিরতার মধ্যেও চীনের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৪ শতাংশ। গত দুই দশকে চীন গড়ে প্রায় ৯ শতাংশ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও সরকারি পরিসংখ্যান নিয়ে বিশ্লেষকদের প্রশ্ন রয়েছে, তবে তারপরও তা আশাব্যঞ্জক ছিল।

চলতি বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। কারণ জানুয়ারির শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে বৃহৎ আকারে শাটডাউন এবং কোয়ারেন্টিন চালু করেছিল তারা। তাই অর্থনীতিবিদেরা ভালো কিছু প্রত্যাশা করছিলেন না। তবে সরকারি তথ্য যা ধারণা করা হয়েছিল তার চেয়েও খারাপ হয়েছে।

(এসএএম/১৯ এপ্রিল ২০২০)