
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) টালমাটাল পরিস্থিতিতে রয়েছে বিশ্ব অর্থনীতি। শিল্প উৎপাদন, আমদানি, রফতানি থেকে শুরু করে পুঁজিবাজার, সবকিছুতেই এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। মন্দা সময়ে পুঁজিবাজারের সূচকে বিরাজ করছে নিম্নমুখী ধারা। তবে লোকসান কাটিয়ে উঠে অনেক পুঁজিবাজার এখন ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে। খবর ব্লুমবার্গ।
দীর্ঘ নেতিবাচক ধারার পর সর্বশেষ বৃহস্পতিবার ইউরোপের অন্যতম ডেনমার্কের ওএমএক্স কোপেনহেগেন ২৫ বা ওএমএক্সসি-২৫ পুঁজিবাজারের সূচক ২ শতাংশ বেড়েছে। আর এর অন্যতম কারণ হলো ফার্মাসিউটিক্যালস বা ওষুধ খাতের শেয়ার। কারণ করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হলেও এ খাত এখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে। বরং কিছু ক্ষেত্রে এ খাতের পণ্য চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওএমএক্সসি-২৫ পুঁজিবাজারের অন্যতম প্রতিদ্বন্দ্বী সুইস মার্কেটের সূচকে পরিবর্তন এসেছে। এদিন সুইস মার্কেটের সূচক ৯ শতাংশ পড়ে গেছে।
ডেনমার্কের আরেক পুঁজিবাজার ওএমএক্স কোপেনহেগেন ২০-এর সূচকেরও বড় পরিবর্তন এসেছে। এ সময়ের মধ্যে সূচক বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। তবে ডেনমার্কের বিপরীত অবস্থানে রয়েছে সুইস পুঁজিবাজার। ইউরোপের আরেক অন্যতম পুঁজিবাজার স্টকস ইউরোপ ৬০০ বা এক্সএক্সপি সূচকেও মন্দা অবস্থা চলছে। বছরের শুরুর তুলনায় এ পুঁজিবাজারের সূচক উল্লেখযোগ্য পরিমাণে নিম্নমুখী হয়েছে। যদিও মার্চের খারাপ পরিস্থিতি থেকে কিছুটা ইতিবাচক দিকে মোড় নিয়েছে সূচক।
ডেনমার্ক এরইমধ্যে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ছোট পরিসরের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। দেশটির জারি করা বিধিনিষেধের ফলে কভিড-১৯ সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। এ অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। যদিও যুক্তরাজ্য, ইতালি, স্পেনসহ ইউরোপের অনেক দেশ এখনো পুরোপুরি সফল হতে পারেনি। এছাড়া ডেনমার্ক সরকার চলতি সপ্তাহে করোনা শনাক্তের জন্য পরীক্ষার হার আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে। নভো নরডিস্ক ফাউন্ডেশনের অর্থায়নে নতুন করে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফলে পুঁজিবাজার সামনে আরো চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।
(এসএএম/২৭ এপ্রিল ২০২০)