Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 12:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারতের পুঁজিবাজারকে স্থিতিশীল করতে মিউচুয়াল ফান্ড খাতে গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। এ খাতটিকে চাঙ্গা করতে ৫০ হাজার কোটি রুপির (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা) প্যাকেজ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া (আরবিআই)।

জানা গেছে, করোনার প্রভাবে নগদ সঙ্কটে পড়েছে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কারণ, দেশটিতে মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার হিড়িক লেগেছে। এমন পরিস্থিতিতে ফ্রাঙ্কলিনের মতো বড় কোম্পানিও বিপাকে পড়ে গেছে।ফ্র্যাঙ্কলিন টেম্পলটন (Franklin Templeton) হচ্ছে ভারতের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি যেটি ৮৬ হাজার কোটি রুপির তহবিল পরিচালনা করে। এই তহবিলের একটি বড় অংশ বিনিয়োগ রয়েছে বিভিন্ন বন্ডে। কিন্তু করোনা সঙ্কটে ধুঁকছে বিভিন্ন কর্পোরেট বন্ড। সেই সব বন্ড বেচে যেমন বিনিয়োগকারীদের টাকা দেওয়া সম্ভব নয়, তেমনই ওই সব বন্ড বেচলে এই মুহূর্তে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। উভয় সঙ্কটে ভুগছে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী সংস্থাগুলি।

পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ৬টি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। তাতে তীব্র প্রভাব পড়ে পুঁজিবাজারে। আতঙ্কে দর পতন হয় একাধিক দিন। এমন অবস্থায় পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থে মিউচুয়াল ফান্ডের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। সোমবার তারা ৫০ হাজার রুপির বিশেষ সহায়তা বা প্যাকেজের ঘোষণা দেয়।

ঘোষণা অনুসারে, ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকবে নগদ চাহিদা মেটাতে আরবিআই এর সাহায্য। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা পূরণে ব্যাংকগুলিকে কম সুদে (রেপো হার) দেবে রিজার্ভ ব্যাংক। ঋণের অর্থ ব্যবহার করে মিউচুয়ার ফান্ডের অধীনস্থ বিভিন্ন বন্ড, ডিবেঞ্চারে বিনিয়োগ করবে ব্যাংকগুলি।

(এসএএম/২৯ এপ্রিল ২০২০)