Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কভিড-১৯ এর বৈশ্বিক প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে সাধারণ ছুটি শুরু হয় ২৬ মার্চ। এরপর পর্যায়ক্রমে বন্ধ হয় দেশের বেশকিছু শিল্প-কারখানা। এপ্রিল শেষ হয়ে মের শুরু হলো আজ। এর মধ্যেও অনেক শিল্প-কারখানা এখনো শ্রমিকদের মার্চের বেতনই পরিশোধ করেনি। শিল্প পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এ ধরনের কারখানার সংখ্যা ৫৪১। এভাবে কারখানাগুলো সময়মতো বেতন না দেয়ায় শ্রমিকদের মধ্যেও অসন্তোষ বেড়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মার্চে দেশের ছয় শিল্প এলাকায় অপরিশোধিত বেতন-ভাতাসহ আরো কিছু কারণে শ্রম অসন্তোষের ঘটনা ঘটেছে ২৭৯টি। অন্যদিকে এপ্রিলে অসন্তোষের ঘটনা ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪৪টিতে। এ ঘটনাগুলো ঘটেছে মোট ৩৭৪টি কারখানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মাসে সংঘটিত শ্রম অসন্তোষের ঘটনাগুলোর মূল কারণ ছিল অপরিশোধিত বেতন-ভাতা, ছাঁটাই ও কারখানা লে-অফ।

শিল্প পুলিশ সূত্রে আরো জানা যায়, মার্চের বেতন-ভাতা দেয়নি এমন কারখানার সংখ্যা ৫৪১। এর মধ্যে পোশাক মালিক সংগঠন বিজিএমইএর সদস্য কারখানা রয়েছে ৮৯টি। বিকেএমইএর সদস্য কারখানা আছে ৭১টি। এছাড়া পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএর সদস্য কারখানা ২৫টি।

প্রসঙ্গত, দেশের শিল্প অধ্যুষিত ছয় এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা ও ময়মনসিংহে সব খাতের মোট কারখানার সংখ্যা ৭ হাজার ৬০২। এর মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ করেছে ৭ হাজার ৬১টি।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল কয়েক জায়গায় শ্রম অসন্তোষ দেখা গেছে। আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ হয়েছে এমন কারখানাগুলোর মধ্যে রয়েছে জামগড়া চৌরাস্তার গ্রিন লাইফ ক্লদিং লিমিটেড, সরকার মার্কেটের হেংটন বিডি লিমিটেড, জামগড়ার ভার্টিক্যান ফ্যাশন লিমিটেড ইত্যাদি প্রতিষ্ঠান। অসন্তোষ ছিল সাভারের জিনজিরা কলমায় অবস্থিত ইয়ং স্মার্ট লিমিটেডের মধ্যেও।

গাজীপুরে অসন্তোষ হয়েছে এমন কারখানাগুলোর মধ্যে রয়েছে আলাউদ্দিন অ্যান্ড সন্স, ব্রাইট অ্যাপারেলস লিমিটেড, গোরিয়ান ফ্যাশন লিমিটেড, দুরন্ত নিট কম্পোজিট, স্টাইলিস্ট গার্মেন্টস লিমিটেড, ড্রেসডেন টেক্সটাইল, সানড্রিলা ফ্যাশন বিডি লিমিটেড ইত্যাদি।

মার্চের বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের শ্রমিকরা গতকাল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এছাড়া নারায়ণগঞ্জ এলাকায় অন্য যেসব কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জ্যাজ অ্যাপারেল ও আলপায়েন নেট ফ্যাব্রিক্স লিমিটেড।

গত ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বন্ধ হওয়া কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে সচল হতে শুরু করেছে চলতি সপ্তাহেই। এর ধারাবাহিকতায় গতকাল দেশের ছয় শিল্প এলাকায় খোলা ছিল ২ হাজার ২৭৮টি কারখানা। এর মধ্যে বিজিএমইএর সদস্য কারখানা ৮৬৭টি, বিকেএমইএর ২২৩টি ও বিটিএমএর কারখানা ৯৭টি। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের আওতায় সচল কারখানার সংখ্যা ২৭০। এছাড়া অন্যান্য খাতের কারখানা খোলা ছিল ৮২১টি।

(এএইচএন/ ১ মে, ২০২০)