Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 03:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশীরা কোনোরকম চার্জ ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন। আরএকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো টাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে তাত্ক্ষণিক জমা হয়ে যাবে। ফলে প্রেরণকারীর পুরো টাকাই তার বেনিফিসিয়ারি উত্তোলন করতে পারবেন। উপরন্তু, প্রেরিত টাকার ওপর বাংলাদেশ সরকার প্রদত্ত ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন। ব্যাংক এশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আরএকে ব্যাংক যৌথভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা চালু করল।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে আরএকে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আরএকে ব্যাংকের শাখা থেকে চার্জ ফ্রি এ রেমিট্যান্স প্রেরণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।

এ বিষয়ে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, প্রবাসী বাংলাদেশীদের চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা দিতে আরএকে ব্যাংকের সাথে যৌথভাবে এ সেবাটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের দেশে রেমিট্যান্স সেবায় একটি মাইলফলক যোগ করল। বিশ্বব্যাপী করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে যৌথভাবে চালুকৃত এ সেবার মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশীদের কিছুটা হলেও সহযোগী হতে পারলাম। যাতে তারা দেশে তাদের পরিবার পরিজনের কাছে বিনা খরচে টাকা পাঠাতে পারে। আমরা দেশব্যাপী আমাদের ১২৮টি শাখা ও ৩ হাজার ৯০০ এর বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে মানুষের দোরগোড়ায় এ রেমিট্যান্সের টাকা পৌঁছে দেব।

এ বিষয়ে আরএকে ব্যাংকের সিইও পিটার ইংল্যান্ড বলেন, বিশ্বব্যাপী চলমান কভিড-১৯ এর সংকটময় পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের বিনা খরচে দেশে টাকা পাঠানোর সুবিধা দিতেই আমরা এ সেবা চালু করেছি। ডিজিটাল ফান্ড ট্রান্সফার প”তি আরএকে মানি ট্রান্সফার ব্যবহার করে ঘরে বসে কিংবা আরএকে ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রাহকরা এ সেবা পেতে পারেন। এটি খুব সহজ, নিরাপদ এবং দ্রুততর একটি ফান্ড ট্রান্সফার সেবা।

(এএইচএন/ ১১ মে, ২০২০)