
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নিয়োগপত্র হাতে পেয়েই কাজে যোগদান করলেন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এনড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
রোববার (১৭ মে ২০২০) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পান তিনি।
এরআগে গত ১৪ মে সদ্য সাবেক চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের মেযাদ শেষ হয়। টানা ৯ বছর এ পদে দায়িত্ব পালন করেন তিনি। কমিশনের সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান হিসেবে আগামী ৪ বছরের জন্য রোববার নিয়োগ পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এরআগে রাষ্ট্রয়ত্ত্ব বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডীন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন।
শিক্ষা জীবনের সকল স্তরেই তিনি প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কোরিয়ায় ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর রিসার্স ডিগ্রি, ডিপ্লোমা এবং প্রশিক্ষন নিয়েছেন।
ঢাকার ধামরাইয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত। তার সহধর্মিনী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজী শিক্ষিকা ও বিটিভির ইংরেজী সংবাদ পাঠিকা।
জানা গেছে, বিএসইসিতে প্রথম দিনের আশিংক কর্মদিবসে শুভেচ্ছা বিনিময়, উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব শেষ করেন তিনি।
এসময় বিএসইসির একমাত্র কমিশনার খোন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান, মো: মাহবুবুর রহমান, পরিচালক কাউসার আহমেদ, চেয়ারম্যানের একান্ত সচিব রাশেদুল আলমসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(শামীম/১৭ মার্চ ২০২০)