Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Jun 2026 16:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় মো. বাবুল নামে (৩৫) এক ভুয়া সচিবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের টিএ রোডে ফুটপাতের দোকানিদের কাছে নিজেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে টাকা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে তুলে দেন। আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন রানা জানান, মঙ্গলবার (৯ জুন) দুপুরে টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্টের কাছে ফুটপাতের ব্যবসায়ীদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বাবুল টাকা আদায় করছিলেন।

বিষয়টি সন্দেহ হলে ফুটপাতের ব্যবসায়ীরা তার পরিচয়পত্র চাইলে তিনি ভড়কে যান। এক পর্যায়ে তিনি নিজেকে একজন সংসদ সদস্যের পিএস পরিচয় দেন। এরই মধ্যে বিষয়টি এনএসআই সদস্যদের অবহিত করা হয়। এনএসআইর পক্ষ থেকে চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তি হকারদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। খবর পেয়ে এনএসআই সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যক্তি নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট কখনো সচিব পরিচয় দিতেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএইচএন/ ৯ জুন, ২০২০)