Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 23:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুই মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রোববার দুপুরে বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল নাশকতার চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট।

গত ১২ এপ্রিল নাশকতার মোট ছয়টি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।
এর আগে ৫ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর দারুস সালাম, শাহবাগ ও পল্টন থানায় এসব মামলা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আটটি এবং রাষ্ট্রদ্রোহিতার একটিসহ নয়টি মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এই নয়টি ছাড়া নাশকতার আরো তিনটি মামলার কার্যক্রম স্থগিতের আবেদন শুনানির অপেক্ষায় আছে।

(এমআইআর/ ০৭ মে ২০১৭)