
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর যেন রেকর্ডের বরপুত্র। তিনি যে লিগেই খেলেন রেকর্ড তার কাছে ধরা দেয়। রিয়াল মাদ্রিদের হয়ে ৯ মৌসুমের অধ্যায়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গড়েছেন একের পর এক রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চে গোলের মালিক তিনি। আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে। এবার সিরি-এ লিগে গড়লেন গোলের আরেকটি রেকর্ড।
গতকাল সোমবার বোলোনার বিপক্ষে জুভেন্টাসের ২-০ গোলের জয়ে রোনালদো পেনাল্টি স্পট থেকে লক্ষ্যভেদ করেন। এর মধ্য দিয়ে রুই কস্তাকে টপকে সিরি-এ লিগে তিনিই পর্তুগিজ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন।
ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ৩৫ বছর বয়সী রোনালদো। ৩৬ মিনিটে আরেক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দানিলো মাঠ ছাড়লেও তাতে জুভেন্টাসের জয় পেতে সমস্যা হয়নি। এ জয়ে শীর্ষস্থান সংহত হলো ‘তুরিনের বুড়ি’দের, যারা টানা নবম সিরি-এ শিরোপা জিততে আশাবাদী। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মাউরিজিও সারির দল, এক ম্যাচ কম খেলা ল্যাজিওর ঝুলিতে ৬২ পয়েন্ট। বুধবার আটালান্টার মাঠে জিততে পারলে ব্যবধান কমাতে পারবে ল্যাজিও।
সিরি-এ লিগে চলতি মৌসুমে ২২ গোল হয়ে গেল রোনালদোর। অথচ গত পুরো মৌসুমে করেছিলেন ২১ গোল।
সূত্র: বিবিসি ও গোল ডটকম
(এএইচএন/ ২৪ জুন, ২০২০)