
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিগগিরই আইসিইউ ভেন্টিলেটর সুবিধা চালু হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।
রোববার ভেন্টিলেটর যশোরে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু মেশিনারিজ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই প্রতিষ্ঠানটির। অবশ্য সিভিল সার্জন বলছেন, স্থানীয়ভাবে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে আইসিইউ চালু করা হবে এবং পূর্ণাঙ্গভাবে চালু করতে জনবল চাওয়া হবে।
উল্লেখ্য, যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এরপর বাড়তে থাকে রোগীর সংখ্যা। গতকাল যশোরে করোনা রোগী ৫০০ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে সাতজন।
শুরু থেকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অনেক রোগী পেয়েছে, যাদের আইসিইউ সাপোর্টের প্রয়োজন ছিল। কিন্তু সে সুবিধা না থাকায় রোগীদের খুলনা ও ঢাকায় স্থানান্তর করা হত।
এ অবস্থায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভায় রোগীদের চিকিৎসা সুবিধার্থে আইসিইউ ভেন্টিলেটর আনার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার বিষয়ে আলোচনা হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যশোর হাসপাতালের অনুকূলে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ দিয়েছে; যা আজ যশোরে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভেন্টিলেটরগুলো স্থাপনের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আইসিইউ পরিচালনার জন্য রয়েছে জনবল সংকট।
(এমআই/এএইচএন/ ২৮ জুন, ২০২০)