
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাকিস্তানের করাচি শহরে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে এই হাই সিকিউরিটি জোনে হামলা চালায় চারজন সন্ত্রাসী। হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
তবে হামলার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীদের পাল্টা হামলায় সন্ত্রাসী চার জনই নিহত হয়।
খবর: সিএনএন, আলজাজিরা, রয়টার্স, জিও ও ডন।
খবরে বলা হয়, সোমবার সকাল ১০টার কিছুক্ষণ আগে ওই সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় রাইফেল ও গ্রেনেড নিয়ে স্টক এক্সচেঞ্জ ভবনটিতে হামলা চালায়। স্টক এক্সচেঞ্জ ভবনের নিরাপত্তায় থাকা পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষীর উপর প্রথমে গ্রেনেড ছোঁড়া হয়। এর পরপরই শুরু হয় রাইফেলের গুলি। বৃষ্টির মতো গুলি চালিয়ে তারা ভবনটিতে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু নিরাপত্তাবাহিনী সক্রিয় থাকায় তারা সঙ্গে সঙ্গেই আক্রমণকারীদের প্রতিরোধে পাল্টা গুলি ছুঁতে থাকে। তাতে ঘটনাস্থলেই হামলাকারীরা নিহত হয়।
হামলাকারীরা কোনো জঙ্গী দলের সদস্য কি-না কিংবা তা কী উদ্দেশ্যে স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে তা জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সংগঠন হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে বলে নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় পুলিশের একজন ইন্সপেক্টর ও চারজন নিরাপক্ষা রক্ষী নিহত হয়েছেন। এছাড়া একজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে এই বর্বর হামলায়।
করাচি পুলিশের প্রধান গোলাম নবী মেমন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সন্ত্রাসীরা একটি সিলভার রঙের গাড়িতে (Sedan Car) করে ঘটনাস্থলে আসে। পুলিশের প্রতিরোধে তাদের সবাই নিত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
(এসএএম/২৯ জুন ২০২০)