Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 13:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪ শতাংশ। কৃষি খাত শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি অবদান রাখছে না বরং দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশে কাজ করে আসছে। তাই কৃষি খাতে বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরী।

সোমবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত “কৃষি খাতে বিকল্প অর্থায়নের সুযোগ” বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ডিসিসিআই এবং ইউএসএআইডি ভ্যালু চেইনস প্রজেক্ট (এভিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইউএসএআইডি’র ভ্যালু চেইন প্রকল্পের প্রধান মাইকেল ফিল্ড এবং বাংলাদেশ ব্যাংক-এর এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসিসিআই প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ডিসিসিআই-ডাই প্রকল্পের প্রধান মোঃ শোয়েব চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪ শতাংশ। কৃষি খাত শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি অবদান রাখছে না বরং দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশে কাজ করে আসছে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, সারা পৃথিবীতেই অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি বলেন, এশিয়া অঞ্চলের দেশগুলোর জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ২০%।

তিনি বলেন, কৃষি বিশেষ করে মৎস চাষ, পল্ট্রি এবং শাক-সবজি উৎপাদন প্রভৃতি খাতে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর ৩০% লোক নিয়োজিত রয়েছে এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, দেশের কৃষি খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্বেও, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, অর্থায়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং অন্যান্য সমস্যার কারণে আমরা সে সম্ভাবনা কে কাজে লাগাতে পারছি না। তিনি কৃষি খাত কে থ্রাষ্ট সেক্টর হিসেবে ঘোষণার পাশাপাশি এ খাতে অর্থায়ন প্রক্রিয়া বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহবান জানান। তিনি আরোও বলেন, কৃষি খাতের উদ্যোক্তাদের আর্থিক সমস্যা সমাধানে ইক্যুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিসিসিআই সভাপতি কৃষি খাতে বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

বাংলাদেশ ব্যাংক-এর এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সপন কুমার রয় জানান, কৃষি খাতের বিকাশের জন্য বাংলাদেশ ব্যাংক স্পেশাল রি-ফিন্যান্সিং ফান্ড গঠন করেছে, যেখান থেকে দেশের তফসিলভুক্ত ব্যাংক গুলোকে উক্ত খাতের উদ্যোক্তাদের মাঝে ১০% সুদে ঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমানে নারী উদ্যোক্তাবৃন্দ ৯% হারে ঋণ সহায়তা পাচ্ছে।

ডিসিসিআই সমন্বয়কারী পরিচালক ইমরান আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মুক্ত আলোচনায় ইউএসএআইডি’র ভ্যালু চেইন প্রকল্পের প্রধান মাইকেল ফিল্ড, ডিসিসিআই’র প্রাক্তন পরিচালক এম বশির উল্ল্যাহ ভূঁইয়া, জিয়াউদ্দিন আহমেদ, আহবায়ক ক্যাপ্টেন (অবঃ) নূরুল হক, লাইট ক্যাসেল পার্টনার্স-এর সিইও বিজন ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

আলোচকবৃন্দ দেশের কৃষি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

ডিসিসিআই’র প্রাক্তন পরিচালক আলহাজ্ব মোঃ শরফুদ্দিন, আবুল কালাম শামসুদ্দিন এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৮ মে ২০১৭)