Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। এ নিয়ে সংগীতাঙ্গনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার (৪ জুলাই) বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ পায়। খবরের সত্যতা জানতে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হলে থানার তদন্ত অফিসার মহিউদ্দিন বলেন, ‘মামলা হয়নি, সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন গায়িকা মুন্নি।

জানা গেছে, গেল ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে গিয়ে মামলা দায়ের করতে গেলে তিনি সেখানে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ কারো নাম উল্লেখ করে স্ট্যাটাস দেননি। কিংবা মুন্নিকে জড়িয়ে কোনো স্ট্যাটাস দেননি। একারণে আসিফের বিরুদ্ধে কোনো মামলা নেয়া হয়নি। তবে মুন্নি মামলা করতে চেয়েছিলেন। অভিযোগের বিষয়টি গুরুত্বে না নেওয়ায় তিনি সাধারণ ডায়েরি করেছেন।

মুন্নি গণমাধ্যমে জানান, গেল কয়েকদিন থেকে আমাকে নিয়ে আসিফ আকবর ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। বলতে গেলে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সে কারণে আইনের আশ্রয় নিয়েছি।

এদিকে আসিফ আকবর বলেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে সিনিয়র-জুনিয়রদের কেন্দ্র করে এক ধরনের গ্রুপিং শুরু হয়। তাছাড়া আমি ফেসবুকে সিনিয়র শিল্পীদের দাবি নিয়ে আমি পোস্ট করেছিলাম। এতে করে কেউ যদি নিজের দিকে নিজেই সমস্যা টেনে নেয় তাতে আমার কিছু করার নেই।’

(এএইচএন/০৪ জুলাই ২০২০)