Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 08:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মসলিন ক্যাপিটাল লিমিটেড এর সাথে কৌশলগত বিনিয়োগ চুক্তি করেছে ডেফটা পার্টনারস।

গতকাল সোমবার সন্ধ্যায় মসলিন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল-মারুফ মতিন এবং ডেফটা পার্টনারস এর গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ হারা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

জানা গেছে, এই চুক্তির আওতায় অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটকে সেরা সেবা দিতে চায় উভয়ই যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় এনেছে। স্থানীয় এবং বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করা হচ্ছে।

নতুন আইনে মসলিন ক্যাপিটাল একটি অলটারনেটিভ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে মূলধন ও বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা দিয়ে উৎসাহিত করা হবে। দেশের আর্থ-সামাজিক খাতে সরাসরি অবদান রাখতে কোম্পানিটি বদ্ধপরিকর।

এদিকে ডেফটা পার্টনারস একটি অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার। যারা যুক্তরাষ্ট্র, হংকং, জাপান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন দেশে তারা নানা ধরনের কোম্পানিতে বিনিয়োগ করেছে এবং সেগুলোকে স্ব স্ব দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করেছে।

ডেফটা পার্টনারস এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী জর্জ হারা মসলিনের সাথে অংশীদারিত্ব চুক্তি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেছেন।

বিনিয়োগের নতুন এই দ্বার উন্মোচন করার জন্য বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছেন মসলিন ক্যাপিটালের সহ প্রতিষ্ঠাতা মারূফ মতিন। এর মাধ্যমে স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীরা এই দেশের বেসরকারি খাতে বিনিয়োগ করার আকর্ষনীয় সুযোগ পাবেন বলে মনে করছেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসলিন ক্যাপিটালের চেয়ারম্যান লে: জে: (অবঃ) আবদুল হাফিজসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(শামীম/ ২৮ ফেব্রুযারি ২০১৭)