Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 07:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহার বাহিনীর কমান্ডার জলদস্যু বাহার উদ্দিন (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের আচকার বাজার সংলগ্ন সূর্যমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ জলদস্যু বাহিনীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব। দস্যুদের ব্যবহৃত ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়। নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন (৪৩) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

আটকরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২৫), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউছুফ মাঝি (৪৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪৮) ও হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)। গোলাগুলির সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তারা হলেন-পিসি নেওয়াজ ও এএসআই জাকির।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল জলদস্যু অস্ত্রসহ সাগরে ডাকারির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ১০-১২ মিনিট গুলি বিনিময়ে চার জলদস্যুকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ ও মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে বাজার ডাকাত বলে সনাক্ত করে। সে বাহার বাহিনীর প্রধান কমান্ডার। পরে তাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অস্ত্রসহ গ্রেফতার তার সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, তিনবছর আগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসত বাহার ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব-১১।

(এএইচএন/ ১৬ জুলাই, ২০২০)