Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 23:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চীন থেকে নিজ দেশে অথবা দক্ষিণপূর্ব এশিয়ার অন্য কোনো দেশে কারখানা সরিয়ে নিতে জাপানি কোম্পানিগুলোকে ভর্তুকি সহায়তা দেবে দেশটির সরকার। মূলত সাপ্লাই চেইনের সুরক্ষা নিশ্চিত করা এবং ম্যানুফ্যাকচারিংয়ে চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে শিনজো আবে প্রশাসন। খবর ব্লুমবার্গ।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, চীন থেকে কারখানা সরিয়ে নিতে ৫৭টি কোম্পানিকে মোট ৫ হাজার ৭৪০ কোটি ইয়েন (৫৩ কোটি ৬০ লাখ ডলার) ভর্তুকি দেবে সরকার। এসব কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা শার্প করপোরেশন ও ফেসমাস্ক প্রস্তুতকারক আইরিশ ওহাইয়ামা ইনকরপোরেশন।

এদিকে পৃথক একটি ঘোষণায় মন্ত্রণালয় জানিয়েছে, ৩০টি প্রতিষ্ঠানকে তাদের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তরের জন্য সরকারের তরফ থেকে প্রণোদনা দেয়া হবে। তবে এ সহায়তার পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চীন থেকে সাপ্লাই চেইন অন্যত্র সরানোর লক্ষ্যে গত এপ্রিলে কোম্পানিগুলোর জন্য ২৪ হাজার ৩৫০ কোটি ইয়েনের ভর্তুকি প্যাকেজ ঘোষণা করে জাপান সরকার। এরই অংশ হিসেবে প্রথম দফায় মোট ৭ হাজার কোটি ইয়েন বরাদ্দ দেয়া হবে বলে নিক্কেইয়ের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। এ অর্থ কোম্পানিগুলোর কারখানা স্থানান্তরের কাজে ব্যয় করা হবে।

এখন পর্যন্ত চীন জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জাপানি কোম্পানিগুলোর চীনে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে জাপানের কাছে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করলেও করোনা মহামারী ও পূর্ব চীন সাগরে দ্বীপ ও গ্যাসফিল্ডের মালিকানা নিয়ে চলমান আঞ্চলিক বিরোধ সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

(এসএএম/২০ জুলাই ২০২০)