Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 22:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে কোনো যাত্রী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা ও কোয়ারেন্টিনে থাকার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। চলমান বৈশ্বিক এ মহামারীতে বিশ্বের প্রথম কোনো উড়োজাহাজ সংস্থা হিসেবে যাত্রীদের এ নিশ্চয়তা দিচ্ছে এমিরেটস।

এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের সব ধরনের যাত্রীই এ সুবিধা পাবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এমিরেটসের বিমানে যাত্রার পর কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে চিকিৎসা খরচ বাবদ প্রতি যাত্রীকে সর্বোচ্চ ১ লাখ ৭৩ হাজার ডলার দেয়া হবে। আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টিনে থাকতে হলে তাকে প্রতিদিন সর্বোচ্চ ১০০ ডলার করে দেয়া হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ চিকিৎসা খরচ ও কোয়ারেন্টিনের পুরো খরচই বহন করবে এমিরেটস।

এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আহমেদ বিন সায়েদ আল মাকতুম এক সংবাদ সম্মেলনে বলেন, যাত্রীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এমিরেটস।

শুধু এমিরেটসই নয়, এর আগে পর্যটকদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে উজবেকিস্তানকে। দেশটি জোর দিয়ে বলেছে, তাদের দেশে যেসব পর্যটক ঘুরতে যাবে, তারা কভিড-১৯ রোগে আক্রান্ত হবে না। যদিও-বা আক্রান্ত হয়, তবে আক্রান্ত ব্যক্তিকে ৩ হাজার মার্কিন ডলার দেয়া হবে।

এদিকে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে এমিরেটস তাদের ৬০ হাজার কর্মচারীর মধ্যে নয় হাজার জনকে এরই মধ্যে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

এমিরেটস বর্তমানে ৬০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে ঢাকা থেকে দুবাই রুটে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসও গত জুনে এ ধরনের সিদ্ধান্ত নেয়। সীমান্ত খুলে দেয়ার পর পর্যটকরা সাইপ্রাসে এলে তাদের মধ্যে কেউ যদি কভিড-১৯ পজিটিভ হয় তাহলে তাদের আশ্রয়, খাদ্য, পানীয় দেয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয় বহন করা হবে।

এমিরেটস নিয়মিতই বিশ্বের শীর্ষ উড়োজাহাজ সংস্থার তালিকায় জায়গা পাচ্ছে এবং স্কাইট্রেক্সের সম্মানজনক বার্ষিক পুরস্কার জিতেছে।

(এএইচএন/২৭ জুলাই ২০২০)