
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পর্যটন নগরী কক্সবাজার রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান প্রতিষ্ঠান নভোএয়ার। ফ্লাইটে জনপ্রতি একমুখী (ওয়ান ওয়ে) ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নভোএয়ার।
প্রতিষ্ঠানটি জানায়, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিট, ১২টা ও ২টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে নভোএয়ার। আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ৫ মিনিট, ১টা ৩৫ মিনিট ও বিকেল ৪টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
হোটেল-মোটেল চালু হওয়া সাপেক্ষে খুব শিগগিরই ভ্রমণ পিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করা হবে বলে জানিয়েছে নভোএয়ার।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ৩০ জুলাই কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
(শামীম/২৯ জুলাই ২০২০)