Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 04:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন অ্যাডাম গিলক্রিস্ট। তবে সাবেক এই অজি ক্রিকেটার তার দেখা সেরা উইকেটরক্ষক বাছতে গিয়ে নিয়েছেন চারজনের নাম। যদিও এদের মধ্যে সবার উপরে তিনি রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে।

ইন্সটাগ্রামে এক লাইভ আড্ডায় উইকেটকিপিং স্কিলের বিচারে সেরা কিপার বাছাই করার চ্যালেঞ্জ আসে গিলক্রিস্টের সামনে। সেরা হিসেবে তিনি ধোনি ছাড়াও বেছে নেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে।

এই চারজনের মধ্যে একদম সেরা কে? উত্তরে কোনো সময় না নিয়েই নাম নেন ধোনির। গিলক্রিস্ট বলেন, ‘যদি বলা হয় এদের মধ্যে সেরা কে, আমি ধোনির নাম করব। অনেক ভেবেচিন্তেই বলছি। এক নম্বরে থাকবে ধোনি, তারপর সাঙ্গাকারা, তিনে ম্যাককালাম আর চারে বাউচার।’

উইকেটরক্ষক হিসেবে স্কিলের দিক দিয়ে গিলক্রিস্টের আমলে মার্ক বাউচারকে সেরা মানতেন অনেকেই। কিন্তু চোখে চোট পাওয়ায় শেষ হয়ে যায় এই প্রোটিয়ার ক্যারিয়ার। গিলক্রিস্টও তাই মানছেন।তিনি বলেন, “চোখে চোট লাগায় ওর ক্যারিয়ারটা ছোট হয়ে যায়। তবে এই চারজনই অসাধারণ।’

৬৩৪টি ক্যাচ ও ১৯৫টি স্ট্যাম্পিং আছে ধোনির। তবে ফিনিশার ধোনির ব্যাটিং মুন্সিয়ানা অনেক সময়েই তার কিপিংকে ছাড়িয়ে গেছে। ওয়ানডেতে ৫০.৮৩ গড়ে ১০ হাজার ৭৭৩ রান করেছেন তিনি। গিলক্রিস্ট বলেন, ‘ধোনির ক্রিকেট জীবন খুব ভাল দেখেছি। দারুণ একটা ক্যারিয়ার। একটা দারুণ সেঞ্চুরি করে নিজের জানান দিয়েছিল। পরে যে ক্রিকেট খেলেছে তাতে সে জনপ্রিয় হয়ে যায়। এরপর বিশাল খ্যাতি, বিত্ত সবই এসেছে। ভারতের মতো দেশে এত নাম-যশ সামলানো সহজ না।’

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি- একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন ধোনি। মাঠের ভেতর ও বাইরে শান্ত ও প্রথর চিন্তার ধোনির প্রতি প্রশংসার যেন শেষ নেই গিলক্রিস্টের।

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আরও বলেন, ‘মাঠের ধোনিকে আমরা বরাবরই শান্ত দেখি, মাঠের বাইরেও ও শান্ত স্বভাবের। ওর প্রশংসা না করে উপায় নেই। ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব আনেক দিন থাকবে।’

(ডিএফই/০৬ আগস্ট ২০২০)