Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 09:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কভিড-১৯ মহামারীতে যুক্তরাজ্যে বেকারত্বের হার বাড়ছেই। এরই ধারাবিহকতায় এবার গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের কবলে যুক্তরাজ্য। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দেশটিতে বেকারত্ব রেকর্ড পরিমাণ বেড়েছে।

অফিস ফর দ্য ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানায়, তিন মাসে ২ লাখ ২০ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। ২০০৯ সালের পর তিন মাসে এত মানুষের কর্মহীন হওয়ার নজির নেই। নভেল করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সংকট কতটা গভীর হয়েছে, তা এই চিত্র থেকেই বোঝা যাচ্ছে।

কমবয়সী কর্মী, বেশি বয়সী কর্মী আর অপেক্ষাকৃত কম দক্ষরাই বেশি চাকরি হারিয়েছেন বলে জানায় ওএনএস।

দীর্ঘ ছুটি কিংবা সাময়িক ও অবৈতনিক ছুটিতে থাকা লাখ লাখ মানুষকে অবশ্য কর্মহীন হওয়ার এই তালিকায় যুক্ত করা হয়নি। তাদের এখনো বেকার হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ওএনএস এর উপ-পরিসংখ্যানবিদ জোনাথন অ্যাথো বলেন, ‘২৪ বছরের কম বয়সী, অপেক্ষাকৃত বয়স্ক আর অপেক্ষাকৃত অদক্ষ ও দিনমজুর শ্রেণীই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা খুবই উদ্বেগের, কারণ অন্যদের মতো এসব কর্মীর আবারো নতুন কাজ খুঁজে নেয়া খুবই কঠিন হবে।’

করোনাভাইরাস মহামারী যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরাট ক্ষত তৈরি করে দিয়েছে। যদিও বেকারত্ব নিয়ে যতটা শঙ্কা ছিল ততটা হয়নি, কারণ বহুসংখ্যক ফার্ম তাদের স্টাফদের লম্বা সময়ের জন্য ছুটিতে পাঠিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সামনের মাসগুলোতে বেকারত্ব পরিস্থিতির অবনতি হতে পারে এবং ঘটতে পারে অপ্রত্যাশিত কিছু।

রেস্টুরেন্ট থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যায়ে অসংখ্য প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। শুধু জুন মাসেই ১ লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।

সূত্র: বিবিসি
(এমএ/এসএএম/১১ অক্টোবর ২০২০)