
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের রাজস্থানের জয়পুরে বিয়ের অনুষ্ঠানের সময় বাড়ির দেওয়াল ভেঙ্গে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। জয়পুরের পশ্চিমাঞ্চলের শহর ভারতপুরে গতকাল বুধবার রাত ১০টার দিকের ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজস্থানের পুলিশ কর্মকর্তা অনিক তাঙ্ক জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবরে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানের সময় প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কারণে অতিথিরা একটি টিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। ওই ঘরের কাছেই বিয়ের মঞ্চ তৈরি করা হয়েছিল। বৃষ্টি ও ঝড়ের এক পর্যায়ে অতিথিরা আশ্রয় নেওয়া ঘরের দেওয়াল ধসে পড়ে।
পুলিশ কর্মকর্তা অনিক তাঙ্ক জানান, ধসে পড়া দেওয়ালটি প্রায় ১২ থেকে ১৩ ফুট উঁচু এবং ৯০ ফুট লম্বা। ওই দেয়ালের পাশে বিয়ে উপস্থিত অতিথিদের জন্য তৈরি করা খাবার মজুদ রাখা হয়েছিল।
(এসএএম/ ১১ মে ২০১৭)