
শাহাদত হোসেন রাজু, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অপেক্ষাকৃত নিচু জমিতে ধান চাষের পাশাপাশি মাছ চাষ চাষীদের জন্য সুফল বয়ে আনছে। ধান ক্ষেতে মাছ চাষ করে ভাগ্য বদলাতে শুরু করেছে নরসিংদীর প্রান্তিক কৃষকদের। এক দিকে ধান অন্যদিকে জমিতে বর্ষায় জমে থাকা পানিতে মাছ চাষ করে অধিক লাভবান হচ্ছে তারা।
জেলা মৎস অধিদপ্তত সূত্রে জানা যায়, নরসিংদী জেলার ছয়টি উপজেলার একাধিক লোক মোট ১১২৪ হেক্টর জমির নিম্ন জমির ধান ক্ষেতের রুই, কাতাল, মৃগাল, কালিবাউস, পাঙ্গাস, তিলাপিয়া, শোরপুটি, সিলভারকার্প চাষ করছেন। পাশাপাশি কৃষকরা ধান ক্ষেত সংলগ্ন খণ্ড জমিতে শাকসবজী চাষ করছেন।
আ্ররও জানা যায়, জেলার কৃষকরা এখন প্রতি বছর ধান ক্ষেতে প্রায় ২০০০ থেকে ২৫০০ টন মাছ উৎপাদন করছেন এবং এটি আঞ্চলিকভাবে স্থানীয় মাছের চাহিদা মেটাচ্ছে। তাছাড়া একই জমিতে কৃষকরা বেশি ধান পাচ্ছেন।
সরেজমিন পরিদর্শনকালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের তালেব হোসেন, শিবপুর উপজেলার গাশিরদিয়া গ্রামের আবুল খায়ের ধানের জমিতে মাছ চাষ সম্পর্কে তাদের সফল কাহিনী বিনিয়োগবার্তা’কে বর্ণনা করেছেন। এসময় তারা গত বছর তাদের ধানের জমি থেকে মাছের ব্যাপক সফলতা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন বিনিয়োগবার্তাকে জানান, ধান ক্ষেতে মাছ চাষ মৎস্যখাতের ক্ষেত্রে এক নতুন অধ্যায সৃষ্টি হয়েছে এবং জেলায় এটি জনপ্রিয়তা পাচ্ছে। তিনি বলেন, ধান ক্ষেতে মাছ চাষ বেশি লাভজনক এবং এর গুরুত্ব সীমাহীন। এটি গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে। মৎস্য অধিদপ্তর কৃষকদেরে এর সব ধরনের সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, কৃষকরা যদি বাজারে মাছের খাবারের দাম তুলনামূলকভাবে কম হয় তবে আরও কৃষক ধানের জমিতে মাছ চাষের জন্য আগ্রহ পাবে।
(এসএইচআর/এসএএম/২৩ আগস্ট ২০২০)