Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 20:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে মারাত্মক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে কেউ প্রবেশ করতে পারেননি। অন্যদিকে ট্রেডিং সিস্টেমে সমস্যার কারণে সঠিক সময়ে শেয়ার কেনা বা বেচার আদেশ বসানো যায়নি। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে  কমিশন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিউর রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রধান প্রফেসর ড. মোঃ আসিফ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, বিএসইসির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং বিএসইসির সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এদের মধ্যে শহিদুল ইসলাম কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

ডিএসই কর্তৃপক্ষকে বিএসইসি নির্দেশ দিয়েছে তদন্ত কমিটিকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য।

বিএসইসির আদেশে বলা হয়েছে, কমিটি সম্প্রতি ডিএসইর ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে যেসব সমস্যা দেখা দিয়েছে তার কারণ, বাজারে তার প্রভাব, এই সমস্যার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে করনীয় সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরবে।

(ডিএফই/এসএএম/ ২৪ আগস্ট, ২০২০)